ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন ৪ বছর পর ফিরছেন জোভান-মেহজাবীন

৪ বছর পর ফিরছেন জোভান-মেহজাবীন

ফারহান আহমেদ জোভান, মেহজাবীন চৌধুরী ও প্রবীর রায় চৌধুরী। নাট্যাঙ্গনে এই তিনজন ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত! ব্যক্তিজীবনে তাদের পেশাগত বন্ধুত্ব আছে বটে, তবে তাদের বন্ধুত্বের পরিচিতিটা গড়ে উঠেছে মূলত নাটক বানাতে গিয়েই।

আর সেই নাটকটি হলো ‘বেস্ট ফ্রেন্ড’। ২০১৮ সালের দিকে জোভান-মেহজাবীনকে জুটি করে প্রবীর বানিয়েছিলেন নাটকটি। তখন বেশ জনপ্রিয়তা পায় এটি। এরপর আরো দুটি নাটক বানান একই নামে। যেন প্রবীর গড়ে তোলেন নাটকের একটি সফল ট্রায়ো! তবে মাঝে লম্বা সময় এই নাম নিয়ে সামনে আসতে দেখা যায়নি তাদের। এরমধ্যে মেহজাবীন চৌধুরীও সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

আশার কথা, লম্বা বিরতির পর ফের এক হলো এই সফল ‘বেস্ট ফ্রেন্ড’ ট্রায়ো। ৭ নভেম্বর সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ঘোষণা দিয়েছে এই ত্রয়ীকে এক করার। নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুও। ফের এক হতে পেরে বেশ খুশি প্রবীর-মেহজাবীন-জোভানও।

ফারহান আহমেদ জোভান বলেন, ‘অনেক দিন পর এই ট্রায়ো কাজ করবে। ঘোষণার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের কাছে দর্শকদের প্রত্যাশা আরো বেড়ে গেছে।’

এদিকে, মেহজাবীন তাদের এই ট্রায়ো প্রজেক্ট প্রসঙ্গে অনেকটাই বিস্তারিত ও স্মৃতিকাতর। তিনি বলেন, ‘‘আমার মনে হয় ‘বেস্ট ফ্রেন্ড’ ২০১৮ সালে শুট করা হয়েছিল। এটি ছিল পরিচালক প্রবীর রায় চৌধুরীর সাথে আমার প্রথম কাজ। এই নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে ‘অভিযোগ’ গানের জন্য। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়েছিল। তাই এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।’’

এরপর মাঝে লম্বা সময়। এরমধ্যে নাটক থেকেও অনেকটা দূরে সরেছেন মেহজাবীন। তাহলে ফের এক হলেন কীভাবে? জবাবে মেহজাবীন বলেন, ‘অনেক দিন ধরে প্রবীর রায় চৌধুরী বলছিলেন যে, আমাদের সেই ত্রয়ী মিলে আবার কিছু করা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারো একসঙ্গে কাজ করার। আশা করি, ২০১৮ এবং পরবর্তী সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারো সমান ভালোবাসা পাব।’

নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, এবারের গল্পটি আর ১, ২ বা ৩ নম্বর পরিচয়ে থাকছে না। এবারের গল্পটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’।

প্রবীর বলেন, ‘‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজের শেষ গল্প নির্মাণের প্রায় ৪ বছর পর আবারো আমরা এক হচ্ছি। আমাদের লক্ষ্য ২০২৫ সালের ভ্যালেন্টাইন ডে (১৪ ফেব্রুয়ারি)। এবার একেবারে নতুন একটা গল্প। মূলত, এই গল্পের অভাবেই মাঝে আমাদের লম্বা সময় গ্যাপ। অবশেষে, গল্পটি নিয়ে আমরা সবাই সম্মত হয়েছি। আশা করি, কাজটি করে দর্শকদের যে উন্মাদনা রয়েছে ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্চাইজির প্রতি, তা পূরণ করবে।’’

শুটিংয়ের বিষয়ে নির্মাতা জানান, নাটকটির শুটিং হবে মূলত দুই ভাগে। প্রথম অংশ ডিসেম্বরে, পরের অংশ জানুয়ারিতে। এদিকে, অনুমান করা হচ্ছে, আগামী ভালোবাসা দিবসের সবচেয়ে বড় বাজেটের প্রজেক্ট হতে যাচ্ছে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত