ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি ‘সরকারকে ভালো একটি নির্বাচনের উদ্যোগ নিতে হবে’

‘সরকারকে ভালো একটি নির্বাচনের উদ্যোগ নিতে হবে’

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগের সঙ্গে দেশবাসী এ সরকারের সঙ্গে থাকবে। ভালো নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পতন আন্দোলনে এখনো অনেক ভাই ও বোন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। সরকার তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। দ্রুত তাদের সহযোগিতা করবে, সরকারের কাছে এই প্রত্যাশা।

তিনি বলেন, মানুষ স্বাধীনতাটা ভুলে গিয়েছিল। মানুষের কোন অধিকার ছিল না। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে সে অধিকার হারিয়ে ফেলেছিল। এই আওয়ামী লীগ সরকার সীমাহীন লুটপাট করেছে। একটা দলের নেতাকর্মী, দলের প্রধানের পরিবার দেশের প্রতিটি সেক্টর থেকে লুটপাট করে বিদেশে অর্থপাচার করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে লুটপাট করেছে তার নেতাকর্মীদের কাছে লক্ষ লক্ষ অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হেফাজতে নিতে হবে।

তিনি বলেন, বিএনপি ও দেশবাসীর প্রত্যাশা এই সরকার একটি ভালো নির্বাচন দেবে। একটি ভালো নির্বাচনের জন্য, দেশবাসীর ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বিএনপি আগাগোড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সরকারকে সমর্থন জানিয়েছেন- যাতে এই সরকার নির্বিঘ্নে কাজ করতে পারে, ভালো একটা নির্বাচন দিতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। তাই দেশের মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এই বিশ্বাস তারা করে। শুধু দেশবাসী নয় বিশ্ববাসীও এটা বিশ্বাস করে। এইজন্যে সরকারকে সতর্ক হতে হবে। নির্বাচনের দিকে যাতে এগিয়ে যেতে পারে- তার জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি বায়তুল মোকাররমের যে ঘটনা ঘটেছে এটা খুবই নিন্দনীয় এবং আশঙ্কাজনক। সেজন্যে এই সরকারকে সতর্ক থাকতে হবে যারা এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনে এবং জীবন উৎসর্গ করেছে তাদের যে দাবি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে দুদু বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ধ্বংস হয়ে গেছে এটা মনে করা যাবে না। তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ ও অস্ত্র আছে। একটি বড় দেশ তাদের সমর্থন করছে। সেহেতু ছোট করে দেখার কোন অবকাশ নাই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।

সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, ড. খন্দকার মারুফ হোসেন, মাইনুল ইসলাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রদান, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, কৃষক দল নেতা সাদি, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত