ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি বন্ধ হচ্ছে চট্টগ্রামের তিন শতাধিক অবৈধ ইটভাটা

বন্ধ হচ্ছে চট্টগ্রামের তিন শতাধিক অবৈধ ইটভাটা

ক্ষমতার প্রভাবে অবৈধভাবে গড়ে উঠা চট্টগ্রাম জেলার প্রায় তিন শতাধিক অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইতোমধ্যে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

জেলার পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই, সীতাকুণ্ড, বোয়ালখালী, দোহাজারী ও সাতকানিয়া উপজেলায় অন্তত সাড়ে তিনশ ইটভাটা রয়েছে। এদের মধ্যে অন্তত তিন শতাধিক ইটভাটার কোনো বৈধতা নেই। বিগম সরকারের প্রভাবশালী নেতারা ক্ষমতার দাপটে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এসব ইটভাটা গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, সংরক্ষিত বন এবং ব্যক্তিমালিকানাধীন বনের মূল্যবাবদ গাছ পুড়িয়ে গত ১৫ বছর ধরে এসব ইটভাটায় ইট তৈরি হয়ে আসছিলো।

প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রামের সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায়। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্বাচনী এলাকাতেই চট্টগ্রামের সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা রয়েছে। হাছান মাহমুদের ঘনিষ্ট রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলমের সরাসরি নেতৃত্বে প্রায় দুই শতাধিক অবৈধ ইটভাটা বছরের পর বছর ধরে চলমান রয়েছে।

এ ব্যাপারে জানতে ইঞ্জিনিয়ার শামসুল আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার পর তিনি পলাতক আছেন বলে স্থানীয়ভাবে যোগাযোগ করে জানা গেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার জানিয়েছেন পরিবেশগত ছাড়পত্রবিহীন সকল ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না। এদিকে উপদেষ্টার ঘোষণার পর পরই চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও অবৈধ ইটভাটা বন্ধ করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানা গেছে।

চট্টগ্রামে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, অবৈধ ইটভাটা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটার বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। এ ব্যাপারে প্রশাসন সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত