ছবি: সংগৃহীত
গতকাল (শনিবার) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান একে অপরকে সহায়তা করবে।” পাশাপাশি তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ ইতিমধ্যে চালু হয়েছে এবং ভবিষ্যতে ঢাকা-করাচি আকাশপথও চালু হবে।
উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার ঝুঁকি নিয়েও মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
