আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানো হয়েছে।
রোববার (১২ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতকাল রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব আহ্বান জানিয়েছে, এই দ্বন্দ্ব শেষ হওয়া উচিত। তাই এ মুহূর্তে আমাদের পক্ষ থেকে সংঘাত থামানো হয়েছে।”
মুত্তাকি আরও বলেন, “পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চান। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের চেষ্টা করে, তখন আমাদের জনগণ, সরকার প্রধান, আলেম এবং সব ধর্মীয় নেতা দেশের স্বার্থে এক হয়ে লড়াই করতে এগিয়ে আসেন।”
তিনি সতর্ক করে জানান, “যদি পাকিস্তান ভালো সম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্যান্য অপশনও আছে।”
আফগান- পাকিস্তান সীমান্তে হতাহতের সংখ্যা
গত শনিবার রাতভর আফগান সীমান্তে সংঘর্ষে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানায়, আফগান তালেবানের ২০০ জনের বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে নিজেদের ২৩ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
এছাড়া, তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানদের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছেন এবং নিজেদের ৯ সৈন্য প্রাণ হারিয়েছেন।
তবে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তাদের হামলায় দুই শতাধিক আফগান যোদ্ধা নিহত হয়েছে। তারা দাবি করেছে, “বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে দেখা গেছে, রাতের হামলায় তালেবান ও অন্যান্য ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে।”
এ পরিস্থিতিতে কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আপাতত সংঘাত থামানো হলেও সীমান্তে উত্তেজনা এখনও বিরাজ করছে।
