ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ ক্যাম্পাস নেকাব না খুলে শনাক্তকরণ পদ্ধতি চান ঢাবি ছাত্রী তামান্না

নেকাব না খুলে শনাক্তকরণ পদ্ধতি চান ঢাবি ছাত্রী তামান্না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলাকালে এক ছাত্রীর পরিচয় যাচাইয়ে নেকাব খুলতে জোরাজুরি করার অভিযোগ উঠেছে। তিনি নেকাব খুলতে না চাইলে বিভাগের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ‘দেশটা যে কী হচ্ছে, নরক হয়ে গেছে দেশটা’ বলে মন্তব্য করেন বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ এবং নিপীড়কদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অভিযোগকারী ছাত্রী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। তবে বিভাগের কোনো শিক্ষকের বিরুদ্ধে তিনি অভিযোগ না করে সিস্টেমে পরিবর্তন চান।

অভিযোগকারী শিক্ষার্থীর নাম তাহমিনা তামান্না। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ সেশনের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।

ঘটনার বর্ননা দিয়ে তামান্না বলেন, “আজ থেকে আমার সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে। পরীক্ষা শুরুর পর স্যার খাতা সাইন করতে এসে আমাকে এটেন্ডেন্স শিটে সাইন করতে দিয়ে মুখ খুলতে বলেন। আমি আসলে কীভাবে না করব, এটা বুঝছিলাম না। তাই দাঁড়িয়ে মাথা নিচু করে ছিলাম। স্যার বললেন, ‘বসো, বসে মুখ খোল, চেক করতে হবে তো আমার।’ আমি মাথা নিচু করেই ছিলাম, হাত কাঁপছিল। স্যার পরে বললেন, ‘কোনো সমস্যা?’ বললাম, জি স্যার। পরে স্যার বললেন, ‘মুখ খুলবে না?’ আমি না বললে তিনি আমার থেকে অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে খাতাটা সাইন না করে দিয়ে দেন এবং বলেন ‘ঠিক আছে রাখ, তোমারটা একটু পর সাইন করছি।’ বুঝলাম, কিছু একটা ঝামেলা হবে।”

তিনি বলেন, “দেখলাম, স্যাররা সামনে বসে আলোচনা করছেন। একটু পর চেয়ারম্যান স্যার ওঠে আসেন। আমার পিছন থেকে ম্যাম দাঁড়ান এসে। তারপর ম্যাম বলেন, ‘কি ব্যাপার কোন সমস্যা? স্যারকে সাইন করাতে দাওনি কেন? কোন সমস্যা? মুখ দেখাবে না?’ ম্যাম ভালো করেই জিজ্ঞেস করেছিলেন। এ সময় চেয়ারম্যান স্যার ‘দেশটা যে কী হচ্ছে, নরক হয়ে গেছে দেশটা’ বলে মন্তব্য করেন।”

তিনি আরো বলেন, “আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমি ওতো সাহসী মানুষ না। মাথা নিচু করে ছিলাম। তখন ম্যাম তাকে দেখাতে। আমি একপাশ ফিরে ম্যামকে দেখালে তিনি সাইন করেন। পাশাপাশি তিনি বললেন, ‘সবসময় তো মহিলা টিচার থাকবেন না।’ তখন চেয়ারম্যান স্যার বলেন, ‘ওকে জিজ্ঞেস করেন তো, ও ভাইভাতে কী করবে?’ তখন ম্যাম আমাকে বলেন, ‘ভাইভাতে কী করবে? মুখ খুলবে না?’ আমি না বললে তিনি বলেন, ‘ভাইভা বোর্ডে তো মহিলা টিচার নাও থাকতে পারেন, তখন?’ পরে চেয়ারম্যান স্যার বলেন, ‘ওর জন্য কি অন্য টিচাররা সব ভাইভা বোর্ড থেকে বের হয়ে যাবে? ও মুখ খুলবেনা তাই চলে যাবে বের হয়ে? দেশটা যে কী হচ্ছে, নরক হয়ে গেছে দেশটা।’ আরও কিছু হয়তো বলেছেন, কিন্তু আমার তা খেয়ালে নেই।”

বিভাগের নারী শিক্ষক শান্তনা দেন উল্লেখ করে তামান্না বলেন, “আমার অলরেডি তখন চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। তখন ম্যাম বুঝতে পেরে আমাকে অনেক শান্তনা দিয়ে বলেন, ‘আরে এ তো কান্নাকাটি শুরু করছে। নার্ভাস হইয়ো না। এ ঘটনার প্রভাব যেন পরীক্ষায় না পড়ে। এখন পরীক্ষা দাও, আমরা এ বিষয়ে পরীক্ষার পর কথা বলব।’ উনারা চলে যাওয়ার পরও লিখতে পারতেছিলাম না, ভয় পেয়ে গেছিলাম। পরীক্ষা কেমন হইছে সেটা আর না বলি।”

তিনি দাবি করে বলেন, “আমি চাই, সব বিভাগের ক্লাস, পরীক্ষা, ভাইভা, টিউটোরিয়ালে যারা হিজাব-নিকাব পরে, তাদের কোন সমস্যা যেন আর না হয়। চেক করার জন্য যেন বিশ্ববিদ্যালয় থেকেই অন্য কোন ব্যবস্থা রাখা হয়। পরীক্ষার নিয়মটাই পরিবর্তন হোক। হিজাব-নিকাব পরা আমারসহ প্রত্যেকটা মেয়ের স্বাধীনতা হোক।”

তিনি বলেন, “আমরা আগে বলতে পারতাম না। ৫ আগস্টের পরে আমরা বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি। তাই আমি এটা নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেই। পরে আমি ফেসবুক আইডি ও শিক্ষার্থী সংসদে পোস্ট দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আমরা বিভিন্ন সময়ে দেখেছি হিজাব-নিকাব পড়লে তাদের হেনস্তা করা হয়। আমি চেয়েছি এটার যেন সুষ্ঠু সমাধান হয়।”

সংবাদ সম্মেলনে তামান্নার ভাই আরবি বিভাগের শিক্ষার্থী আমির ফয়সাল বলেন, “আমরা কোনো আল্টিমেটাম দেব না। বিশ্ববিদ্যালয় এমনিতেই অনেক সহনশীল। তাই আশা করব, তারা এ বিষয়ের সমাধান বের করবেন। আমরা উপাচার্য স্যারের কাছে আবেদন জানাব, এ বিষয় যেন স্ট্রংলি দেখেন এবং ব্যক্তি শনাক্তকরণের আইন সিনেটে উত্থাপন করেন।”

তিনি বলেন, “রাস্তায় ওড়না পরতে বলা যেমন ক্রাইম, তেমনই নিকাব খুলতে বলাও ক্রাইম। ওড়না পড়তে বলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অসংখ্যবার হিজাব-নেকাব খুলতে বলার পরও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”

সংবাদ সম্মেলনে উত্থাপিত তার দাবিগুলো হলো- অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষায় শিক্ষার্থীদের চেহারা দেখে সনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করতে হবে; বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পূর্ব পর্যন্ত পরীক্ষায় শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে; ইতোপূর্বে নারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘটিত প্রতিটি নিপীড়ন ও হেনস্তার যথাযথ তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অভিযোগের বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, “পরীক্ষা চলাকালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি নিজেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি। দেশটা নরক হয়ে যাচ্ছে, আমি এটা তাকে উদ্দেশ্য করে বলিনি। দেশের সার্বিক পরিস্থিতি বিচারে এটা বলেছি। সে হয়তো বুঝতে ভুল করেছে।”

তিনি বলেন, “আমরা চাই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার স্থায়ী সমাধান হোক। এটা নিয়ে ডিন মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি স্থায়ী সমাধান করা হবে, যাতে কাউকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত