ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় উঁচু করা হচ্ছে সীমানা প্রাচীর, চারদিকে বসছে কাঁটাতারের বেড়া

উঁচু করা হচ্ছে সীমানা প্রাচীর, চারদিকে বসছে কাঁটাতারের বেড়া

সচিবালয়

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা দেখভাল ও অপরাধী ধরতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ক্যামেরায় থাকবে স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম, চেহারা চিহ্নিত করা, গাড়ির নম্বর চিহ্নিত করা প্রযুক্তিসহ ১০ ধরনের সুবিধা। দিনের পাশাপাশি রাতে কোনো অপরাধ ঘটলে সহজেই অপরাধীদের চিহ্নিত করা যাবে।

তাছাড়া যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক শব্দ আসবে মনিটরিং রুমে। আমেরিকা ও জাপান থেকে ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৬২৪ সিসি ক্যামেরা বসানো হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েক সপ্তাহজুড়ে কর্মদিবস এলেই কোনো না কোনো দাবি নিয়ে সচিবালয়ের ভেতরে-বাইরে জমায়েত করে বিক্ষোভ হতে দেখা গেছে। এ কারণে সচিবালয়ের চারদিকের সীমানা প্রাচীর বেষ্টনী উঁচু করার পাশাপাশি বসানো হচ্ছে নতুন করে কাঁটাতারের বেড়া। গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা দেখভাল ও অপরাধী ধরতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুক্ত সিসিটিভি ক্যামেরা সংখ্যা উল্লেখ করে চলতি মার্চ মাসের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।

পাঠানো প্রস্তাবে বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য পাঁচটি গেটে ও সীমানা প্রাচীর-সংলগ্ন সব ব্যক্তিকে চিহ্নিত করতে ৭৪টি ক্যামেরা দ্রুত কেনা প্রয়োজন। এর মধ্যে সচিবালয়ের গেট ও বিভিন্ন ভবনের প্রবেশমুখে ৪৩ ফেস ডিটেকশন ক্যামেরা, সীমানা পর্যবেক্ষণের জন্য ২০টি বুলেট ক্যামেরা এবং বিভিন্ন ভবন পর্যবেক্ষণের জন্য চারটি পিটিজেড ক্যামেরা এবং সাতটি ডম ফেস রিকগনাইজেশন ক্যামেরা কেনা প্রয়োজন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ২০২১ সালে কয়েক দফায় প্রায় ১০০ কোটি টাকার নিরাপত্তা সরঞ্জাম কেনা হয়েছিল। লাগানো হয় ৭৪টি অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা। ৫টি গেটের ক্যামেরা ছিল প্রযুক্তির দিক থেকে উন্নত, যা কেনা হয়েছিল যুক্তরাষ্ট্র ও চীন থেকে। এসব ক্যামেরা নাইট ও ডে ভিশন। ফলে রাতের অন্ধকারেও মানুষ চেনা যায়। এছাড়া নতুন করে ৪টি ব্যাগেজ স্ক্যানার বসানো হয়েছিল। সেগুলো অকেজো হয়ে গেছে। এখন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক সাইয়েদ মাহমুদ উল্লা বলেন, “ইনফ্রারেড ক্যামেরা মানুষের তাপমাত্রা থেকে ধরতে পারে। অন্ধকারের মধ্যেও মানুষকে চেনা যায়। একটা বিড়াল গেলেও দেখা যাবে। গুরুত্বপূর্ণ সব স্থানে প্রায়ই এ ক্যামেরা ব্যবহার হয়। এই ক্যামেরা ইমেজ ও ভিডিও নিতে পারে। এমন ক্যামেরা আমেরিকা, চীন থেকে আনা হলে অবশ্যই এসব কাজ করার কথা। এত অল্প সময়ে নষ্ট হতে পারে না।”

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ নুরুল হুদা বলেন, “শুধু সচিবালয় নয়, দেশের অনেক জায়গায় নিরাপত্তা সচেতনতার অভাব রয়েছে। সর্বোচ্চ প্রশাসনিক প্রাণকেন্দ্রের নাজুক পরিস্থিতি সেটাই আবার প্রমাণ করল। এটা দুঃখজনক। শুধু সচিবালয় নয়, প্রতিটি সরকারি অফিসে নিরাপত্তা নিশ্চিত করা দরকার।”

তিনি বলেন, “সবচেয়ে বড় কথা, আমাদের পরিকল্পনায় নিরাপত্তার বিষয়টির অভাব রয়েছে। তারপরও ভালো দিক হচ্ছে, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করেছে। তবে শুধু পর্যালোচনা করলেই হবে না। যেসব দুর্বলতা উঠে এসেছে, তা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত