সরকারি অনুদান প্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে মাহিয়া মাহি। সিনেমায় প্রথমবার মাহির নায়ক হচ্ছেন রোশান। সিনেমাটির সহ-প্রযোজক ও কাহিনীকার জেনিফার ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ‘আশীর্বাদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মাত্র ২ দিনের মাথায় সিনেমাটি থেকে বাদ পড়েন ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে নায়িকা অপু বিশ্বাস। পেশাদারিত্ব না মানার কারণে অপুকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির সহ-প্রযোজক ও কাহিনীকার জেনিফার ফেরদৌস।
নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, মানিক ভাইয়া অনেক গুণী একজন পরিচালক। ‘আশীর্বাদ’র গল্পে আমার অনেক অভিনয়ের সুযোগ রয়েছে। এছাড়া রোশানের সঙ্গে আমার প্রথম কাজ। আশা করি দর্শকদের ভালো লাগবে।
জানা গেছে, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সেপ্টেম্বর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা আছে। সিনেমাটির সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আর ছবিটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক।
