ঢাকা বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় আইজিপির বক্তব্যে সরকার স্বস্তি নয়, বিব্রত হবে: রিজভী

আইজিপির বক্তব্যে সরকার স্বস্তি নয়, বিব্রত হবে: রিজভী

রাজধানীর নয়াপল্টনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

 

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সস্তা বাহবা ও কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে দায়িত্বশীল অবস্থান থেকে দেওয়া এমন বক্তব্য দেশের ক্ষতি করবে। এতে সরকার স্বস্তি পাওয়ার বদলে বিব্রত ও ভীত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশপ্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাঁদের নিরপেক্ষভাবে ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করা গেলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব।

রিজভীর ভাষ্য, পুলিশপ্রধানের বক্তব্য যদি কোনো সরকারের পক্ষে অবস্থান নেওয়ার বার্তা দেয়, তাহলে তা সরকারের জন্য স্বস্তির পরিবর্তে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। সস্তা কৃতিত্ব বা বাহবা পাওয়ার উদ্দেশ্যে দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলা দেশের জন্য ক্ষতিকর এবং সরকারের জন্য বিব্রতকর হতে পারে।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং দেশের উৎপাদন ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই বিএনপির অন্যতম লক্ষ্য। জাতি পুনর্গঠনে তরুণদের বিশৃঙ্খলার অংশ নয়, বরং উন্নয়নের মূল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

তারেক রহমানের ‘মানবিক বাংলাদেশ’ গড়ার পরিকল্পনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের লক্ষ্য হলো, কেউ যেন অনাহারে না থাকে। অর্থনীতিবিদদের গবেষণায়ও এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্যের হার দ্রুত কমে আসার সম্ভাবনার কথা উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

পরিবেশ সুরক্ষার বিষয়েও বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন রিজভী। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কোটি কোটি গাছ ও তালগাছ লাগানোর মতো দূরদর্শী পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র, মুক্তচিন্তা ও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তাঁর বক্তব্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটির নেতাকর্মীরা রক্তদান, মানবিক সেবা, বৃক্ষরোপণ ও উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে দেশে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, ফেরদৌস মুন্না ও এজমাল হোসেন পাইলট।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান, আবুল মনসুর খান দীপক ও খন্দকার আল আশরাফ মামুন, সহসাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাসসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত