ভারতের নয়া দিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক অঙ্গনে বহুমুখী সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ব্রিকস’। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই পাঁচ মূল দেশের পাশাপাশি সম্প্রতি মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়ে জোটটির পরিধি আরও বিস্তৃত করেছে।
বাংলাদেশ সরাসরি ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য না হওয়া সত্ত্বেও প্রতিবেশি দেশের সরকারপ্রধানকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাল আয়োজক দেশ ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই তাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়ে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। পরবর্তীতে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি। সে সময় ভারত সরকারের পক্ষ থেকে তাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম সফরের আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়েছিল।
