প্রশ্নপত্র ফাঁস ও ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চলমান আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তার মাধ্যমে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বার্তায় বলা হয়, দেশের প্রতিটি জেলায় পুলিশি লাঠিচার্জ ও হয়রানির শিকার শিক্ষার্থী ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানাতে এবং একদফা দাবিতে শুক্রবার একযোগে এ বিক্ষোভ পালন করা হবে।
ছড়িয়ে পড়ছে আন্দোলনের উত্তাপ
নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষার অনিয়ম নিরসন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সোমবার সিজেপি-র ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী দিল্লির সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। সেই সময় মিছিলটি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ কঠোর ও সহিংস পদক্ষেপ নেয় পুলিশ।
এর জের ধরে প্রতিবাদের আগুন দ্রুত রাজধানী দিল্লি ছাড়িয়ে মুম্বাই, বেঙ্গালুরু এবং পাটনার মতো প্রধান প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে।
দিল্লিতে ১৪৪ ধারা ও মেট্রো স্টেশন বন্ধ
বৃহস্পতিবারেও (২৩ জুলাই) দিল্লির যন্তর মন্তর ও পার্লামেন্ট স্ট্রিট সংলগ্ন এলাকায় হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আন্দোলনকারীদের চলাচল সীমিত করতে স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার অন্তত ১৬টি প্রধান মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
পুরো এলাকা পুলিশ ও নিরাপত্তাবাহিনীর শক্ত নজরদারিতে রাখা হয়েছে। তবে শিক্ষার্থীরা তাঁদের দাবি না মানা পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
