ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ সম্পূর্ণভাবে অস্বীকার করা যায় না বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।
তিনি জানিয়েছেন, অপারেশন সিনদুরের পর থেকে সম্পর্কের তীব্র উত্তেজনা ও দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ বৃদ্ধির কারণে ইসলামাবাদকে পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে।
বুধবার ( ১৯ নভেম্বর) পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, পাকিস্তান কোনো ঝুঁকি নিচ্ছে না, কারণ নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ভারতকে অবহেলা করছি না, এবং কোন পরিস্থিতিতে বিশ্বাস করছিনা। আমার বিশ্লেষণের ভিত্তিতে, ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার যুদ্ধ বা যে কোনো শত্রুতাপূর্ণ কৌশল, যেমন সীমান্তে অনুপ্রবেশ বা হামলা, আমি বাতিল করতে পারি না। আমাদের পুরোপুরি সতর্ক থাকতে হবে।’
আসিফ আরও দাবি করেছেন, ভারত সরাসরি হস্তক্ষেপ করতে পারে এবং বর্তমান পরিস্থিতিকে তিনি দুমুখো হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, নয়াদিল্লি আফগানিস্তানকে পাকিস্তানের স্বার্থের বিরুদ্ধে প্রক্সি হিসেবে ব্যবহার করছে।
পাকিস্তানের নেতৃত্বে আফগান নাগরিকদের দুইটি আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত করার পরিপ্রেক্ষিতে খাজা আসিফ এ মন্তব্য করেন। হামলাগুলোর একটি ইসলামাবাদের একটি আদালতের বাইরে ঘটে যেখানে ১২ জন নিহত হয়। প্রধানমন্ত্রী শহবাজ শরীফসহ পাকিস্তান সরকার বারবার অভিযোগ করেছেন, এই হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক গোষ্ঠীকে সহায়তা করছে ভারত, যা নয়াদিল্লি সবসময় অস্বীকার করেছে।
