ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ গোপনে ‘বেলি ড্যান্স’ শিখছেন সৌদি নারীরা, মানছেনা নিষেধাজ্ঞা

গোপনে ‘বেলি ড্যান্স’ শিখছেন সৌদি নারীরা, মানছেনা নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত।

নিষেধাজ্ঞা ও সামাজিক কুসংস্কার সত্ত্বেও সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন বহু নারী—ফরাসি বার্তা সংস্থা এএফপি এমনটাই জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদসহ বিভিন্ন শহরের ফিটনেস স্টুডিওতে অত্যন্ত গোপনীয় পরিবেশে চলছে বেলি ড্যান্সের ক্লাস, যেখানে অংশগ্রহণকারী নারীরা নিজেদের পরিচয় বা মুখ প্রকাশ করতে রাজি নন।

শতাব্দী পুরনো এই নৃত্যরীতি এখনো সৌদি সমাজে ‘নিষিদ্ধ’ হিসেবে বিবেচিত। আরব সংস্কৃতিতে কখনো এটি শিল্পের প্রকাশ, আবার কখনো বিনোদনের মাধ্যম হলেও রক্ষণশীল সমাজে বেলি ড্যান্সকে যৌন আবেদনময় বলে মনে করা হয়। তাই নারীদের জন্য আয়োজন করা এসব ঘরোয়া ক্লাসও সামাজিক ট্যাবুর বাইরে যেতে পারে না।

এএফপি জানায়, মাসের পর মাস গোপন অনুসন্ধানের পর রিয়াদের একটি স্টুডিওতে প্রবেশ করতে সক্ষম হয় তারা। পুরো ক্লাসজুড়ে অংশগ্রহণকারীদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয়, আর জিম কর্মীরা নিশ্চিত করেন—কোনো ছবি বা ভিডিও যেন বাইরে না যায়।

এক অংশগ্রহণকারী বলেন, “এখনো আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে বেলি ড্যান্সকে যৌনতার সঙ্গে যুক্ত করা হয়। আমার পরিবার বা স্বামী কখনোই মেনে নেবেন না যে পুরুষরা আমাকে এমন নাচ করতে দেখুক।”

সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক সংস্কার এলেও রক্ষণশীল মানসিকতা এখনও শক্তভাবে বিরাজমান। নারীদের গাড়ি চালানোর অনুমতি, পর্দা শিথিলকরণ এবং বিনোদনে অংশগ্রহণের সুযোগ মিলেছে ঠিকই, কিন্তু বেলি ড্যান্সের মতো সাংস্কৃতিক চর্চা এখনো অনেক পরিবারের কাছে অগ্রহণযোগ্য।

স্টুডিওতে প্রশিক্ষণ দেওয়া দুই নারী নিজেদের ‘নৃত্যশিল্পী’ নয়, বরং ‘ফিটনেস কোচ’ হিসেবে পরিচয় দেন। তাদের একজন ‘ওনি’ নামে পরিচিত, যিনি বলেন, “আমরা নাচকে খেলাধুলার অংশে পরিণত করেছি। এটি নারীদের আত্মবিশ্বাস, শক্তি ও একতা দেয়।”

অন্য প্রশিক্ষক ‘রোরো’ বলেন, “এটি শুধুই নাচ নয়; মানসিক চাপ কমানোরও একটি দারুণ উপায়।”

রিয়াদের অন্যান্য নারীবান্ধব জিমে বর্তমানে বেলি ড্যান্সের পাশাপাশি যোগব্যায়াম ও বক্সিং ক্লাসও জনপ্রিয় হয়ে উঠেছে—যা কিছু বছর আগেও পুরোপুরি নিষিদ্ধ ছিল। তবে এখনও পুরুষ ও নারীদের জন্য জিমগুলো কঠোরভাবে আলাদা।

নৃত্যবিষয়ক গবেষক এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিসা উরকেভিচ বলেন, বেলি ড্যান্স আরব উপদ্বীপের বাইরের নৃত্য সংস্কৃতি থেকে এসেছে এবং স্থানীয় রীতির তুলনায় বেশি ‘উসকানিমূলক’। তাই অনেক পরিবার মেয়েদের এটি প্রকাশ্যে করতে দিতে দ্বিধা বোধ করে। তবে তিনি মনে করেন, সৌদি আরব বড় এবং বৈচিত্র্যময় সমাজ—সব পরিবার একই রকম নয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত