ছবি: সংগৃহীত
পাকিস্তানের করাচির মেমন গোঠ এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। হাসপাতালে বিল পরিশোধ করতে না পারায় এক মায়ের নবজাতক সন্তানকে বিক্রি করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (২ নভেম্বর) দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, করাচির একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেন এক গরিব নারী। সন্তান প্রসবের পর হাসপাতাল থেকে বিল চাওয়া হলে তিনি টাকা দিতে না পারায় কর্তৃপক্ষ নবজাতকটিকে বিক্রি করে দেয়।
ঘটনা জানাজানি হলে শিশুটির বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।
জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা (এসএসপি) আবদুল খালেক পীরজাদা জানান, ঘটনার পর হাসপাতালটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালের চিকিৎসক ডা. জেহরা ও নারী সহযোগী শামা বেলুচ পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, শামা বেলুচ হাসপাতালের কর্মচারী ছিলেন। তিনি ডা. জেহরার সঙ্গে মিলে নবজাতকটিকে বিক্রি করেন এবং শিশুটিকে ইতোমধ্যে পাঞ্জাবে পাচার করা হয়েছিল।
এফআইআর সূত্রে জানা যায়, ডা. জেহরা শিশুটির মাকে বলেন, “যদি বিল পরিশোধের টাকা না থাকে, আমি এমন এক মহিলাকে চিনি, যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন-পালন করেন।” পরে সেই নারী শামা বেলুচ হাসপাতালের বিল মিটিয়ে নবজাতককে নিজের হেফাজতে নিয়ে পালিয়ে যান।
এই ভয়াবহ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, দরিদ্রতার সুযোগ নিয়ে এমন অমানবিক আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন।
