ছবি: সংগৃহীত
হারিকেন মেলিসার তাণ্ডবে জ্যামাইকার ব্ল্যাক রিভার শহর প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় স্থানীয়রা বেঁচে থাকার আশায় রাস্তায় ও ভাঙা দোকানে খাবার ও পানি খুঁজছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ কেউ ক্ষতিগ্রস্ত সুপারমার্কেটে ঢুকে খাবার ও বোতলজাত পানি নিচ্ছেন। ফার্মেসিতেও লুটপাটের ঘটনা ঘটেছে। শহরের মেয়র রিচার্ড সলোমন বলেছেন, “মানুষের এই হতাশা বোঝা যায়—তারা বাঁচার চেষ্টা করছে।”
সরকারি হিসাবে, জ্যামাইকায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, আর পার্শ্ববর্তী হাইতিতে মারা গেছেন আরও ৩০ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ব্ল্যাক রিভারের প্রায় ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, হাসপাতাল, পুলিশ ও ফায়ার স্টেশনসহ জরুরি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত।
রাজধানী কিংস্টন থেকে সামরিক বাহিনী ও ত্রাণকর্মীরা সহায়তা পাঠাচ্ছে, তবে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্তরা বলছেন, “আমাদের টাকার দরকার নেই, দরকার শুধু খাবার আর পানি।”
