ছবি : প্রতীকী
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার সন্ধ্যায় একের পর এক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এই “তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা” চালানো হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় “তাৎক্ষণিক ও শক্তিশালী আঘাত হানার” নির্দেশ দেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে এই নির্দেশ জারি করা হয়।
পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় ইসরায়েলের এ ধরনের নতুন হামলা গাজা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা শান্তি প্রচেষ্টার জন্য বড় ধাক্কা হতে পারে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ২৪ শিশু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি টিকে থাকবে, তবে হামাসের আচরণ উন্নত করা উচিত।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাতে আল জাজিরা জানায়, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গাজার মধ্যাঞ্চলে অন্তত ৪২ জন, উত্তর গাজায় ৩১ জন এবং দক্ষিণ গাজায় ১৮ জন নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক সেনা নিহত হওয়ার পর ইসরায়েল ‘প্রতিশোধ নিয়েছে’। তিনি দাবি করেছেন, ‘কোনো কিছুই যুদ্ধবিরতি বিপন্ন করবে না। তবে হামাসের আচরণ ভালো করা উচিত।’
