মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, কিমের সঙ্গে তার ‘দুর্দান্ত সম্পর্ক’ রয়েছে।
এর আগে তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প উত্তর কোরিয়ায় পা রাখেন, যখন কিমের সঙ্গে স্থানীয় ডিমিলিটারাইজড জোনে (উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তীয় সামরিক নিষিদ্ধ এলাকা) সাক্ষাৎ করেন।
অর্থনৈতিক ও নিরাপত্তা প্রণোদনার বিনিময়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার জন্য দুই নেতা ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনবার বৈঠক করেছেন। তবে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি।
সোমবার (২৭ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় যাত্রাবিরতির সময় আমি কিমের সঙ্গে দেখা করতে প্রস্তুত। যদি তিনি দেখা করতে চান, আমি দক্ষিণ কোরিয়ায় থাকব। আমার সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।”
স্থগিত পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বিস্তারিত জানাননি। তিনি জোর দিয়ে বলেন, তিনি কেবল উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দেখা করতে চান।
সম্প্রতি কিমও ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমার এখনও মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ভালো স্মৃতি আছে।” তবে কিম যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের ‘অযৌক্তিক’ দাবি থেকে সরে আসতে।
