রাজধানী ঢাকার লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণীর ধূমপানে বাধা ও তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার রিংকুকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত রিংকুর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২ মার্চ রাজধানীর লালমাটিয়ার একটি চায়ের দোকানে দুই তরুণী প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি জানান, যা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং রিংকু নামের এক ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলেও ঘটনাটির ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
গত ১০ মার্চ পুলিশ অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করে।
