ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার কিস্তি না পেয়ে ছাগল নিয়ে গেলেন সংস্থার কর্মী

কিস্তি না পেয়ে ছাগল নিয়ে গেলেন সংস্থার কর্মী

জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামের একটি সংস্থার পক্ষ থেকে ছাগলটি নিয়ে যাওয়া হয়।

দুই দিন কিস্তি না পেয়ে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে গেলেন রাজশাহীর একটি সংস্থার একজন কর্মী।

রবিবার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগল ফেরত দিতে বাধ্য হয় জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামের ওই সংস্থাটি।

নগরের টিকাপাড়া বাসার রোড এলাকার একটি ভাড়া বাসায় সংস্থাটির কার্যালয়। সংস্থাটি এলাকার দুঃস্থ মানুষের মাঝে ঋণ বিতরণ করে। ফাতেমা বেগম নামের এক নারী ঋণ নেওয়ার পর দুই দিন কিস্তি দিতে না পারায় তার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যান ওই সংস্থার মাঠকর্মী।

নগরের তালাইমারী এলাকার বাসিন্দা ফাতেমা বেগম জানান, তিনি নগরের হাদির মোড়ে সবজি বিক্রি করেন। এই ব্যবসার জন্য ওই সংস্থা থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ইতিমধ্যে চার হাজার টাকা শোধ করেছেন। সম্প্রতি এক দুর্ঘটনায় তিনি কোমরে আঘাত পেয়েছেন। ব্যবসা করতে পারছেন না। তাই দুটি কিস্তি দিতে পারেননি। এজন্য তার বাড়ি থেকে ছাগল নিয়ে যায়।

তিনি জানান, রবিবার সেহরি খেয়ে-নামাজ পড়ে তিনি পাশেই বোনের বাড়িতে ঘুমাচ্ছিলেন। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে তার বাড়ি যান। তাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল নিয়ে চলে যান। তবে ছাগলটি তার নিজের না। রিসা বেগম নামের এক নারী ছাগলটি তার কাছে আধাআধি হিসেবে পুষতে দিয়েছেন।

রবিবার বেলা ১২টার দিকে ওই সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ছাগল ফেরত নিতে ফাতেমা বেগম সংস্থার কার্যালয়ের সামনে এসেছেন। ছুটে এসেছেন ছাগলের আসল মালিক রিসা বেগমও।

রিসা বেগম তুমুল বাগবিতণ্ডা শুরু করেন সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীরের সঙ্গে। পরে ওই ছাগল রিসা বেগমকে বুঝিয়ে দেওয়া হয়। ছাগল হাতে নিয়ে হাঁটা শুরু করে রিসা বেগম বলতে থাকেন, ‘‘সুদ খাওয়ার কারবার করছেন তো, আল্লাহই দিবে।’’

স্থানীয়রা জানান, সংস্থাটি দুই বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে। তবে তাদের অফিসের বাইরে কোনো সাইনবোর্ডও নেই। সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধনও নেই। সংস্থাটি চলছে শুধুমাত্র সমবায় সমিতির ছাড়পত্র দিয়ে। তারা এলাকার মানুষকে ঋণের ফাঁদে ফেলে চড়া সুদ আদায় করছে।

রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, “জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেওয়া কোনো সংস্থা আছে কি না তা দেখে বলতে পারব।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত