ছবি: সংগৃহীত
স্যাটেলাইট প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এখন থেকে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নিজ ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে দেশটি। এর মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণতার দাবি জানিয়েছে তেহরান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানি মহাকাশ সংস্থার (ISA) প্রধান হাসান সালারিয়েহ এক সাক্ষাৎকারে বলেন,
“ইরান এখন উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের নকশা, উন্নয়ন ও উৎক্ষেপণে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। আমরা সেই সীমিত দেশগুলোর মধ্যে আছি, যারা নিজেরাই মহাকাশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে পারে।”
সালারিয়েহ আরও জানান, বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে মাত্র ১০-১১টি দেশ মহাকাশ প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান এবং কিছু ইউরোপীয় রাষ্ট্র। এখন ইরানও সেই তালিকায় নিজের নাম লেখাল।
তিনি বলেন, “আমাদের অগ্রগতি সম্পূর্ণভাবে দেশীয় গবেষণা ও মানবসম্পদনির্ভর। একই সঙ্গে উপগ্রহ ও উৎক্ষেপক উভয় ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হয়েছে, যা অত্যন্ত জটিল ও বিশেষায়িত কাজ।”
ইরানের স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তির উন্নয়ন নিয়েও কথা বলেন সালারিয়েহ। তার ভাষায়— “আমাদের যাত্রা শুরু হয়েছিল প্রতি পিক্সেলে এক হাজার মিটার রেজোলিউশনের স্যাটেলাইট দিয়ে। পরে তা কয়েকশ মিটার, তারপর কয়েক ডজন মিটার, আর এখন আমরা পৌঁছে গেছি মাত্র কয়েক মিটার রেজোলিউশনে।”
ইরানি মহাকাশ সংস্থা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়, সরকারি গবেষণা কেন্দ্র এবং রাষ্ট্র-অনুমোদিত বেসরকারি কোম্পানির ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমেই এই সাফল্য এসেছে।
