ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় স্বাস্থ্যসেবা খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

স্বাস্থ্যসেবা খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাংলাদেশে নিযুক্ত বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যারোনেস উইন্টারটন বলেন, ‘‘আমাদের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে। আমরা আপনাদের সংস্কার কার্যক্রমের দিকনির্দেশনায় সন্তুষ্ট।’’

অধ্যাপক ইউনূস বলেন, ‘‘আমরা এক রূপান্তরকালীন সময় অতিক্রম করছি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা প্রতিষ্ঠান পুনর্গঠন ও অগ্রাধিকার পুনর্বিন্যাসে মনোযোগী।’’

তিনি বাংলাদেশের দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতির বিষয়টি তুলে ধরে বলেন, ‘‘আমাদের দেশে নার্সের অভাব রয়েছে। তবে নার্সিং শুধু জাতীয় পর্যায়ে নয়, এটি একটি বৈশ্বিক প্রয়োজন। আমরা বাংলাদেশ ও বিশ্বের জন্য আরও নার্স তৈরি করতে চাই।’’

এ সময় প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের প্রতি বাংলাদেশের স্বল্প সম্পদযুক্ত স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে সহায়তার আহ্বান জানিয়ে বলেন, ‘‘সরকার পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর। এইখানেই যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফার্মাসিউটিক্যাল খাতও একটি সম্ভাবনাময় ক্ষেত্র। আমরা চাই আপনারা ভ্যাকসিনের পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে অবস্থান নেন, যাতে একটি সামাজিক ব্যবসার মডেলে প্রতিটি দেশ তা সাশ্রয়ী মূল্যে উৎপাদন করতে পারে।’’

বৈঠকে উভয়পক্ষ কৌশলগত সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র, যেমন শিক্ষা, টেক্সটাইল শিল্প, প্রতিরক্ষা এবং বিমান চলাচল নিয়ে আলোচনা করেন।

উভয়পক্ষ এ সময় এসব খাতে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যারোনেস উইন্টারটন বাংলাদেশের বর্তমান সংস্কার এজেন্ডার প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার কার্যক্রমের প্রধান আলী রিয়াজের সঙ্গেও সাক্ষাৎ করেন।

পরবর্তী সাধারণ নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘যদি রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত হয়, তাহলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে যদি দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার পথ বেছে নেওয়া হয়, তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে।’’

বৈঠকে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত