ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন স্পর্শিয়ার চ্যালেঞ্জ

স্পর্শিয়ার চ্যালেঞ্জ

অর্চিতা স্পর্শিয়া

অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়া। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে যুক্ত হয়েছেন তিনি। ডার্ক ও সিরিয়াস চরিত্রের গ-ি ভেঙে এবার ফান-কমেডির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে যুক্ত হওয়ার প্রসঙ্গে তার ভাষ্য, ‘গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় বেশি কাজ করা হচ্ছিল। ডার্ক চরিত্রেও আমাকে দেখা গেছে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সেখান থেকে বেরিয়ে একটু ফান-কমেডি বা হালকা কিছু করতে– যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। এমন সময় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, আমি আর না করতে পারিনি। এটি তো একটা বড় প্রজেক্ট, একটা ব্র্যান্ড। সবার কাছে জনপ্রিয়। মনে হয়েছে, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
ধারাবাহিকটির আপনার অভিনীত পর্ব প্রচারে আসার পর দর্শক সাড়া কেমন পাচ্ছেন? স্পর্শিয়া বলেন, ‘এককথায় অসাধারণ। ধারাবাহিকটি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সেটা জানতাম। কিন্তু এতটা জনপ্রিয়, সেটা অভিনয় না করলে অনুভব করতে পারতাম না। আমি স্পর্শ চরিত্রে অভিনয় করেছি, সেটা জানার পর থেকেই অগণিত টেক্সট ও শুভ কামনা পাচ্ছি। আর নাটকে আমার অভিনীত পর্ব প্রচারে আসার পর থেকে তো সেটা বেড়েছে বহুগুণে।’
তিনি আরও বলেন, ‘অনেকেই অবাক হয়েছেন– আমি কীভাবে ফানি টাইপের চরিত্র করছি! তারা আমাকে এইভাবে কল্পনাই করেননি। সবাই বেশ সারপ্রাইজড। যারা ব্যাচেলর পয়েন্টের নিয়মিত দর্শক, তারা আমাকে পেয়ে খুব খুশি। এতে অভিনয় করে আমিও খুশি। উপভোগ করছি বেশ।’
নাটকটিতে যুক্ত হওয়ার আগে প্রায় চার মাস আপনাকে কোথাও দেখা যায়নি, কেন? উত্তরে এ গ্ল্যামারকন্যা বলেন, ‘পুরোপুরি ইচ্ছাকৃত। মূলত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাজের জন্যই আমি বিরতি নিয়েছিলাম। গত কোরবানির ঈদের পর নিজেকে পর্দায় অফ রেখেছিলাম। আমি চাচ্ছিলাম, কয়েক মাস দর্শক আমাকে না দেখুক, তারপর হঠাৎ করেই ব্যাচেলর পয়েন্টে দেখুক। আমার ক্যারিয়ার গ্রাফ দেখলে বুঝবেন– আমি সব সময় পর্দায় থাকি না। কয়েক মাস পর পর আসি, তবে ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করি। তার ফলাফল পাচ্ছি। দর্শকরা দারুণভাবে গ্রহণ করছেন।’
নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিছের তিনি কথা বলেন। অভিনেত্রী জানান, ‘অমি ভাই খুবই মেধাবী নির্মাতা। আগে তার সঙ্গে কাজ করা হয়নি, কিন্তু সব অভিনয়শিল্পীরই ইচ্ছে থাকে ভালো নির্মাতার সঙ্গে কাজ করার। আমরা চেষ্টা করেছি, এই কোলাবোরেশনটা যেন শক্ত কিছু হয়। শূটিংয়ে গিয়ে পুরানো দিনের ভাইব পেয়েছি। ক্যারিয়ারের শুরুতে যেভাবে ধারাবাহিক নাটকে কাজ করতাম, সেই অনুভূতিটা আবার ফিরে এসেছে। দিনগুলো সত্যিই খুব মিস করেছি।’
‘কাঠবিড়ালি’ ও ‘নবাব এলএলবি’ সিনেমা করে দারুণ প্রশংসিত হয়েছিলেন। এখন সিনেমায় নেই কেন? তার উত্তর, ‘বলতে পারেন, ব্যাটে বলে মেলেনি। সিনেমা মানেই কিন্তু বিশাল কিছু। সেই বিশালতায় যদি একসঙ্গে সবকিছু না ঘটে, তাহলে তো শুধু করার জন্য সিনেমা করা ঠিক হবে না। সিনেমার গল্প অনেক পেয়েছি। যেগুলো পেয়েছি সেগুলো করার চেয়ে না করাই উত্তম মনে হয়েছে। তবে সামনে দারুণ কিছু গল্পের সিনেমায় দেখা যেতে পারে।’ অভিনয় জীবনের শুরুর পরের এই জার্নি নিয়েও স্পর্শিয়া কথা বলেন। ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপন দিয়ে শুরু হয় তার যাত্রা। ‘বন্ধু তিন দিন’ বিজ্ঞাপনটা সে সময় বেশ আলোচিত হয়েছিল। তারপর আর পিছু তাকাতে হয়নি তাকে। নাটক, সিনেমা– সব জায়গায় কাজ করেছেন তিনি।
দেখতে দেখতে দেড় দশক পার হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ মনে করেন তিনি। যে টিকে থাকতে পারে, সেই জয়ী। আমি যে এখনো টিকে আছি, সেটাই আমার কাছে বড় সাফল্য-মন্তব্য তার।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত