ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ শাহজালালে যাত্রীসেবা রাতেই চালুর আশা বিমান উপদেষ্টার

শাহজালালে যাত্রীসেবা রাতেই চালুর আশা বিমান উপদেষ্টার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা শনিবার (১৮ অক্টোবর) রাত থেকেই চালু করার আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শনিবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপণ হয়নি। আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ, এয়ারপোর্টে এ মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত পারি–আজ রাতের মধ্যেই ফ্লাইট ওপেন করব।”
তিনি আরো বলেন, “আমদানি পণ্য রাখতে বিকল্প ওয়্যার হাউজের ব্যবস্থা করা হবে।”

এর আগে বিমানবন্দরের রানওয়ে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। এতে ঢাকা অভিমুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।
এর মধ্যে হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি বিমান অবতরণের অনুমতি না পেয়ে দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর কাটতে থাকে। অন্যদিকে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইটটিকে পাঠানো হয় ভারতের কলকাতা বন্দরে। এছাড়া ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটকে নামানো হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটও ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট উড্ডয়নের পরও পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে বহির্গামী একাধিক ফ্লাইটও আটকা পড়ে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট যাত্রীবাহী বিমান হওয়া সত্ত্বেও রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আনুমানিক দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত