ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় দিল সরকার

রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় দিল সরকার

আসিফ নজরুলের ব্রিফিং

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, “এখন রাজনৈতিক দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে হবে। এজন্য এক সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে।”
সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “সরকার এরই মধ্যে বহুবার আলোচনা আয়োজন করেছে। এখন আমরা চাই, রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগে বসে ঐকমত্যে পৌঁছাক। সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই।”
তিনি আরো বলেন, “যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তারা গত ১৫ বছর একসঙ্গে সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন। আমরা আশা করি, তারা নিজেদের অভিজ্ঞতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আলোচনার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন।”

আসিফ নজরুল জানান, এরই মধ্যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে, সরকার সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছে তা সরকারকে জানাতে বলা হয়েছে।
তিনি বলেন, “আমরা অপেক্ষা করব, এরপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে।”

এর আগে শুরুতে আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি বলেন, “আজ জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।”

“উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। এতে লক্ষ্য করা হয় যে, ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া, গণভোট কবে অনুষ্ঠিত হবে ও এর বিষয়বস্তু কী হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে; সে জন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।”

উপদেষ্টা বলেন, “এ প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত