ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পেন্টাগনকে আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে ইরানের মধ্যে।
আজ শুক্রবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী *আব্বাস আরাকচি* বৃহস্পতিবার এই ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।
আরাকচি সামাজিক মাধ্যমে বলেন, “একটি পরমাণু শক্তিধর মোড়ল আবারও পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করতে যাচ্ছে। একই মোড়ল ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পকে দীর্ঘ সময় ধরে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শান্তির জন্য পিছনের দিকে হাঁটার সমতুল্য।”
এদিকে ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে জানিয়েছেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রকে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো সমানভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে*।
ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, “অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। রাশিয়া দ্বিতীয় স্থানে আছে, আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে, তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা সমান হয়ে যাবে।”
এই ঘোষণার ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে।
