আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার ভারতকে বড় ধরনের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। ভারতীয় সামরিক নেতৃত্বকে সতর্ক করে তিনি পারমাণবিক সংঘাতের হুমকি দিয়েছেন।
শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এবোটাবাদ শহরে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে এক পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখার সময় সেনাপ্রধান আসিম মনির এই মন্তব্য করেন।
পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি: পাক সেনাপ্রধান বলেছেন, “পারমাণবিক পরিবেশের আবহে যুদ্ধের কোনো স্থান নেই। একটি ছোট উস্কানিও পাকিস্তানের পক্ষ থেকে ‘নিশ্চিত সীমার বাইরের প্রতিক্রিয়া’ ডেকে আনতে পারে।”
আসিম মনির ভারতকে সতর্ক করে বলেন, যদি নতুন করে শত্রুতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। তিনি মন্তব্য করেন, “অত্যন্ত প্রতিশোধমূলক আঘাতের ফলে সামরিক এবং অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতির সৃষ্টি করবে, তার প্রভাব বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কল্পনা ও হিসাবের বাইরে চলে যাবে।”
সেনাপ্রধান আরও বলেন, পরবর্তী উত্তেজনা শেষ পর্যন্ত পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে এবং এর দায় সম্পূর্ণরূপে ভারতের ওপরই বর্তাবে।
ভারতের প্রতি সরাসরি হুমকি: আসিম মনির ভারতকে সতর্ক করে আরও বলেন, “পাকিস্তানের প্রাণঘাতী অস্ত্রব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ‘ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে’।” তিনি ভারতের প্রতিটি রাষ্ট্রীয় প্রবজি (প্রচেষ্টা বা কাঠামো) ধূলিসাৎ করার হুমকিও দেন।
এই ফিল্ড মার্শাল বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো পাকিস্তানের জনগণ, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের মানুষের সাহায্যে ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের হুমকিকে নিশ্চিতভাবে পরাজিত করবে। তিনি জোর দিয়ে বলেন, “প্রচলিত ক্ষেত্রে পাকিস্তানের বিজয় হয়েছে। একইভাবে প্রতিবেশীর প্রতিটি রাষ্ট্রীয় প্রবজি ধূলিসাৎ হয়ে যাবে।”
সেনাপ্রধান পাকিস্তানি জাতিকে আশ্বস্ত করে বলেন, “সর্বশক্তিমান আল্লাহর রহমতে এবং জনগণের সমর্থনে পাকিস্তান তার পবিত্র ভূমির এক ইঞ্চিও হারাবে না।”
আফগানিস্তানের প্রতি কড়া বার্তা: আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিও কড়া বার্তা দিয়েছেন আসিম মনির। সহিংসতার পরিবর্তে পারস্পরিক শান্তি ও নিরাপত্তার পথ বেছে নিতে তালেবান শাসকদের প্রতি আহ্বান জানান পাক সেনাপ্রধান। তিনি বলেন, কাবুলের তালেবান সরকারকে অবশ্যই তার ভূমি থেকে পরিচালিত এবং পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, এই মন্তব্য এমন এক সময়ে এল যখন যুদ্ধবিরতি ভেঙে দফায় দফায় সংঘাতে জড়াচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের অভিযোগ, ভারতের হয়ে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে তালেবান সরকার।
পারমাণবিক হুমকির পুনরাবৃত্তি: পাকিস্তানি সেনাপ্রধানের মুখে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত আগস্টে আমেরিকায় বসে ভারতের উদ্দেশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছিলেন আসিম মনির। সে সময় তিনি বলেছিলেন, পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়লে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ শুরু হবে, যা বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে।
