ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত ভারতে পালানোর সময় ‘টাইগার টিপু’ আটক

ভারতে পালানোর সময় ‘টাইগার টিপু’ আটক

ছবি: সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর ভারত সীমান্ত থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ওই আওয়ামী লীগ নেতা অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

খোঁজ নিয়ে জানা যায়, ওই নেতার নাম মো. টিপু সুলতান ওরফে ‘টাইগার টিপু’। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন ওরফে বাহারের ঘনিষ্ঠ।

বাহাউদ্দীন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। টিপু দীর্ঘদিন ধরে বাহারের হয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছিলেন। কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে টিপু মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন।

টিপু সুলতানকে আটকের তথ্য আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন বড়জ্বালা বিওপির টহল দল গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার পাকা সড়ক এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করে।

বাংলাদেশ-ভারতের সীমান্ত পিলার ২০৭৮/এম হতে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাঁদেরকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। টিপুর সঙ্গে আটক হওয়া অপর ব্যক্তির নাম মো. মারজানুর রহমান (৪৮)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, টিপু সুলতান কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ ও মদদপুষ্ট একজন টেন্ডারবাজ এবং ঠিকাদার। টিপু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে বিজিবির কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

এ ছাড়া টিপু তাঁর নিজ এলাকায় ছাত্র–জনতাসহ স্থানীয় বাসিন্দাদের অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করতেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় টিপুর বিরুদ্ধে নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দুটি মামলা রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, ‘টিপু সুলতান দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক অপর ব্যক্তির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত