ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা শুধুমাত্র বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা আশা করেছে।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপির সঙ্গে আলোচনায় আমি যা বুঝেছি, তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চাননি। বরং তারা চেয়েছে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করুক।”
ড. আসিফ আরও জানান, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জনপ্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের বদলির বিষয়টি তিনি নিজেই নিবিড়ভাবে দেখবেন।”
যেখানে নির্বাচনকালীন উপদেষ্টা পরিষদ ছোট হবে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ ধরনের কোনো আলোচনা হয়নি। এটি উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত বিষয়। নির্বাচনকালীন সরকারের আকার নিয়ে কোনো পক্ষও দাবি তোলেনি।”
এছাড়া, যদি অন্তর্বর্তী সরকারে কোনো দলীয় সদস্য থাকেন, তাদের অপসারণের বিষয়ে বিএনপি যে দাবির কথা জানিয়েছে, এ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “এ বিষয়ে তারা পূর্বেও কথা বলেছেন।”
জনপ্রশাসনে নিয়োগ-বদলির বিষয়ে দলীয় হস্তক্ষেপের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম তিনি নিবিড় তদারকি করবেন। আমরা মনে করি নিয়োগ-বদলির বিষয়টি দলীয়ভাবে হয় না।”
তিনি আরও যোগ করেন, “আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে। এক দল বলে তাদের লোক আছে, অন্য দল বলে তাদের লোক আছে। সব দলের অভিযোগই আসছে—এর মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”
নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা নেই কি না জানতে চাইলে ড. আসিফ বলেন, “মাঠ পর্যায়ে মানুষের মধ্যে আস্থার বিষয়ে আমার নিশ্চিত তথ্য নেই। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং এক দলের বিরুদ্ধে অন্য দলের বক্তব্যের কারণে মানুষের মধ্যে সংশয় তৈরি হতে পারে।”
