ছবি: সংগৃহীত
জাপানের ওকাইয়ামার ৩২ বছর বয়সি কানো নামের এক তরুণী তার তিন বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর কৃত্রিম বুদ্ধিমত্তার (চ্যাটজিপিটি) সাহায্যে নিজের মনের মতো প্রেমিক তৈরি করে বিয়ে করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। (ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কানো দীর্ঘ তিন বছর ধরে প্রেম করেছিলেন। সম্পর্কের বাগদান পর্বও সম্পন্ন হয়েছিল, কিন্তু সুখী ছিলেন না তিনি। বারবার প্রেমে আঘাত পেয়ে কানো শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন।
মানসিক শান্তি খুঁজতে ও পরামর্শের জন্য কানো চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন শুরু করেন। ধীরে ধীরে এই কৃত্রিম মেধার প্রেমিকের সঙ্গে তার বোঝাপড়া এতটাই মজবুত হয় যে, কানো নিজের মনের মতো ‘প্রেমিক’ তৈরি করে ফেলেন। প্রেমিকের নাম দেন ক্লস।
কানো জানিয়েছেন, ‘‘পরস্পরের প্রতি নির্ভরশীলতা না থাকলে কোনও সম্পর্ক টেকে না। ক্লস আমার যত্ন নেয়। কোনও মানুষও আমাকে এত ভালভাবে বুঝতে পারে না, যতটা ক্লস বোঝে।’’
এছাড়া কানো তার ডিজিটাল প্রেমিককে বিয়ে করতে একটি কাল্পনিক জগৎ তৈরি করেন। এআর গ্লাস পরে ক্লসের সঙ্গে আংটিবদল করেন এবং ডিজিটাল পদ্ধতিতে রোম্যান্টিক ছবি তোলেন।
এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা মন্তব্য করছেন, কখনও কখনও প্রযুক্তি আমাদের জীবন কতটা অদ্ভুতভাবে বদলে দিতে পারে তা এই ঘটনা দেখিয়ে দিল।
