ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা স্থগিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ফলহীন আলোচনায় সময় নষ্ট করতে চান না।
ট্রাম্প বলেন, রাশিয়া যদি বর্তমান যুদ্ধক্ষেত্রে লড়াই থামানোর বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান না নেয়, তবে তার সঙ্গে আলোচনায় বসা অর্থহীন। তিনি মন্তব্য করেন, ‘আমি অর্থহীন বৈঠকে সময় দিতে চাই না। বাস্তবসম্মত সমাধান ছাড়া এমন বৈঠক শুধু সময়ক্ষেপণ।’
এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, নিকট ভবিষ্যতে ট্রাম্প-পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। অথচ মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে বুদাপেস্টে দুই সপ্তাহের মধ্যে তার সঙ্গে পুতিনের মুখোমুখি বৈঠক হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবস্থান একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র বর্তমান সমররেখা স্থির রেখে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে রাশিয়া বলছে, ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল সম্পূর্ণ খালি করতে হবে। এই মৌলিক বিরোধের কারণে শীর্ষ বৈঠকের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
