ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে উত্ত্যক্তকারী মোস্তফা আসিফকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে জামিন দেওয়ায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ।
বিবৃতিতে বলা হয়েছে, ড. আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, অপরাধী ও উগ্র উত্ত্যক্তকারী একের পর এক জামিনে মুক্তি পাচ্ছে। যার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে উত্ত্যক্তকারী মোস্তফা আসিফকে জামিন দেওয়া হয়েছে। এই আসামি ওই ছাত্রীর পোশাক নিয়ে রাস্তায় হেনস্তা করেন। ভুক্তভোগী ছাত্রী এ নিয়ে প্রথমে ফেসবুকে পোস্ট দেন এবং পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন।
শিক্ষার্থীরা আসামি আসিফকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করলে সেখানে তিনি সবার সামনে হেনস্তার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু আসামি আসিফকে মুক্ত করতে শাহবাগ থানায় একদল উগ্রপন্থী উপস্থিত হয়ে অন্তত ৮ ঘণ্টা অবস্থান করে।
এ পরিস্থিতিকে উগ্রপন্থা ছড়িয়ে মুসলমানদের হত্যাযোগ্য করার গভীর নীল নকশার অংশ দাবি করে এর নেপথ্যে আসিফ নজরুলের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
