মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান ও লেবানন থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা, তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতির মতো এক টানটান অবস্থা। রোববার (২২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera জানায়, ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অল্প সময়ের ব্যবধানে ইরানের পক্ষ থেকে দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলাও শনাক্ত করা হয়েছে। প্রথম দফার হামলার পরপরই উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ছুটে যায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের হোলন শহরে অন্তত একজন আহত হয়েছেন। শুধু ইরান নয়, লেবানন থেকেও হামলা জোরদার করেছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক মুখপাত্রের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের একটি শহরে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় অন্তত ৩০৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, বাকিদের কেউ মাঝারি, কেউ বা তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এছাড়া আতঙ্কজনিত কারণে আরও অনেকে চিকিৎসা নিয়েছেন। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আত্মরক্ষার অংশ হিসেবেই এই হামলা চালাচ্ছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের ওপর ক্রমাগত বিমান হামলা চলতে থাকলে সংযম দেখানো সম্ভব নয়। তার ভাষায়, “যারা আগে আক্রমণ শুরু করেছে, তাদেরই আগে থামতে হবে।” অন্যদিকে ইসরায়েলও পাল্টা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা করছে। এতে অন্তত ১০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি তাদের।
লেবাননের খিয়াম ও তৈয়েবা এলাকাতেও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা রাতভর ইসরায়েলি বিভিন্ন অবস্থানে একাধিক হামলা চালিয়েছে। সব মিলিয়ে ইরান, লেবানন ও ইসরায়েলকে ঘিরে এই ত্রিমুখী উত্তেজনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ঝুঁকির মুখে ফেলতে পারে।
