আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।
সজীব ওয়াজেদ ও সায়মা ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পরবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।
যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।
প্রসঙ্গত, সজীব আহমেদ ওয়াজেদ জয় শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া দম্পতির প্রথম সন্তান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন তিনি।
শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব (ববি), সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও সিআরআই-ইয়ং বাংলা প্রজেক্টের ব্যাংক হিসাব স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে বিএফআইইউ।
