শিপন মিত্র ও দীপান্তিতা রায়
জাফর আল মামুন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাইল্ড অব দ্য স্টেশন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শিপন মিত্র ও দীপান্তিতা রায়। দীপা চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা রায় এবং আবির চরিত্রে অভিনয় করছে শিপন মিত্র। পরিচালক বলেন, স্টেশনের প্রতিকূল পরিবেশে জীবন ধারণ করা শিশুদের ওপরে আলোকপাত করে লিখিত হয়েছে এই সিনেমার গল্প। গল্পে দীপা নামের চরিত্রটি একজন ডাক্তার। যে মেয়েটি অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছে। সে স্বপ্ন দেখে, বস্তির অসহায় মানুষের জীবনে একদিন আলো আসবে। স্টেশনের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা শিশুদের নিয়ে একটি পুনর্বাসন কেন্দ্র তৈরি করার স্বপ্ন দেখে সে। তার প্রেমিক ডা. আবিক তাকে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে। দীপার যোগ্য পার্টনার আবির। কিন্তু, সত্যি ই কি দীপার সঙ্গে স্বচ্ছ আবির ? আবিরের আচরণের গভীরে কী যেন রহস্য, কী সেটা ? দীপা কি পারবে সেই রহস্য উন্মোচন করতে ? সেই প্রশ্ন নিয়ে এগিয়ে চলে গল্প।
গল্পে অন্য একটি চরিত্র শ্রাবনী, যে মেয়েটি বিদেশে থাকে, সে তার জন্ম পরিচয় জানে না। জন্মপরিচয় এর খোঁজে সে বাংলাদেশে আসে, এবং সেও স্টেশনের শিশুদের পুনর্বাসনের স্বপ্ন দেখে। তার সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করে স্বপ্নীল। গল্পের শেষে দীপা ও শ্রাবনীর মেলবন্ধন ঘটে এবং তারা অবহেলিত শিশুদের নিয়ে একযোগে কাজ করে। শ্রাবনী ও স্বপ্নীলের চরিত্রে অভিনয় করছে মৌ খান ও ইমতিয়াজ বর্ষণ।
এছাড়াও এই চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে কাজ করেছেন এলিনা শাম্মী, রকি খান, আরজুমান আরা বকুল, শাহেলা আক্তার, মিন্টু সরদার, সঞ্জয় রাজ, ফারগানা মিল্টন ও একঝাঁক শিশু শিল্পী।
