ছবি: সংগৃহীত
উত্তর চীনের শানসি প্রদেশের শিছি গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝ দিয়ে জন্ম নিয়েছে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ভূ-ফাটল। হঠাৎ করে দৃশ্যমান হয়ে ওঠা এই প্রাকৃতিক ফাটল স্থানীয়দের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দু’টিই বাড়িয়েছে।
এটি ঠিক কোন সময় তৈরি হতে শুরু করেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভূতত্ত্ববিদদের ধারণা—এই ধরনের কাঠামো কোনো সাম্প্রতিক ঘটনা নয়; বরং লক্ষ লক্ষ বছরের টেকটোনিক গতিবিধির ফলেই এমন বিশাল ফাটল তৈরি হয়।
বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক ড্রোন ভিডিওতে দেখা গেছে—ফসলি জমির বুক চিরে তৈরি হওয়া গভীর ফাটলটি যেন পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া এক দীর্ঘ ক্ষতের মতো। আকাশ থেকে ধারণ করা সেই ফুটেজ দ্রুতই ভাইরাল হয়েছে।
ভূতত্ত্বের ভাষায় এই কাঠামোকে বলা হয় ‘গ্রাবেন’। এটি হলো ভূত্বকের এমন একটি অংশ, যা দুই সমান্তরাল চ্যুতির মাঝ দিয়ে নিচের দিকে নেমে যায়। দীর্ঘ সময় ধরে প্রসারিত টেকটোনিক শক্তির কারণে ভূমি ধীরে ধীরে বসে গিয়ে এই স্বতন্ত্র উপত্যকা-আকৃতির কাঠামো তৈরি হয়।
শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের গ্রাবেন কাঠামো পৃথিবীর ভূত্বকের পরিবর্তন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। যদিও এটি কোনো তাৎক্ষণিক বিপদের সংকেত নয়, তবে এমন ঘটনা স্থানীয় ভূতাত্ত্বিক অবস্থার ওপর নজর বাড়ানোর প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়।
