ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, “ইসরায়েল যদি আমাদেরকে জো বাইডেনের মতো মনে করে, সেটা বিপজ্জনক ভুল হবে।” মন্তব্যটি আসে পশ্চিম তীরের দখল নিয়ে ইসরায়েলি পার্লামেন্টের ভোটের প্রেক্ষাপটে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি দ্য টাইমস অব ইসরায়েল-কে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতে বাইডেন প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন এবং কখনও কখনও সেই বিরোধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিলেন। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একইভাবে খেললে তিনি গুরুতর ভুল করবেন।
মনে করিয়ে দেওয়া যায়, ২০১০ সালে ওবামা প্রশাসনের সময়ে ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব জেরুজালেমের একটি ইহুদি এলাকায় ১,৬০০ নতুন আবাসন ইউনিট নির্মাণের ঘোষণা দিয়েছিল, যা তখন বিতর্ক সৃষ্টি করেছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “পশ্চিম তীর নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। ইসরায়েল এটি দখল করবে না।” এই মন্তব্য তিনি করেছেন ইসরায়েলি পার্লামেন্টের নেসেট ভোটের পর, যেখানে পশ্চিম তীরের কিছু অংশ দখলের দুটি বিল পাস হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা আরও সতর্ক করে জানিয়েছেন, যদি নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি চুক্তিকে ক্ষতিগ্রস্ত করেন, তবে “ট্রাম্প তাঁকে কঠোর শাস্তি দেবেন।”
সাক্ষাৎকারে ইসরায়েলি সাংবাদিকরা উল্লেখ করেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের এই সিদ্ধান্তে হতভম্ব হয়েছেন এবং বলেছেন, “দেশটি যেন কোনো নিয়ন্ত্রণ ছাড়া কাজ করছে।” নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে এটি কেবল একটি প্রাথমিক ভোট এবং ভবিষ্যতে এর বাস্তবায়ন হবে না।
মার্কিন কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, এই ধরনের ভোট চলমান যুদ্ধবিরতি আলোচনাকে বিপর্যস্ত করতে পারে এবং এর ফলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
