ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি আ.লীগের রাজনীতি নিষিদ্ধ: শাহবাগে আসছে মিছিলের পর মিছিল, চলছে বক্তব্য

আ.লীগের রাজনীতি নিষিদ্ধ: শাহবাগে আসছে মিছিলের পর মিছিল, চলছে বক্তব্য

মিছিল নিয়ে দলে দলে শাহবাগে আসছে মানুষ

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে আসছে মানুষ। রাত পৌনে ১টায় এই খবর লেখা পর্যন্ত শাহবাগে আনন্দ-উল্লাস করতে দেখা যাচ্ছে।

শাহবাগে আলাদা আলাদাভাবে হ্যান্ড মাইকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছে, এনসিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়েত ইসলামী, ইনকিলাব মঞ্চ।

উচ্ছ্বসিত জনতার ঢেউয়ে কেউ আনন্দ প্রকাশ করছেন, কেউবা উষ্মা প্রকাশ করছেন। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ায় কেউ ক্ষোভ দেখাচ্ছেন।

পুরো শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসপি পর্যন্ত হই হই রই রই অবস্থা।

শাহবাগ ছাড়ছে না ছাত্র-জনতা। তারা বলছেন, হাসনাত আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না দিচ্ছেন, তারা রাজপথ ছাড়বেন না।

শাহবাগে বাঁধভাঙা উচ্ছ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত আসার পরপরই বাঁধভাঙা উল্লাস শুরু হয় শাহবাগে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে শাহবাগ অবরোধ করে অবস্থান নেওয়া ছাত্র-জনতা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত শোনার অধীর অপেক্ষায় ছিল। অবশেষে তাদের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাসের বন্যা দেখা যায় শাহবাগে।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে সরকার সিদ্ধান্ত নেওয়ায় শনিবার রাতে শাহবাগে উল্লাস।

আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ বিচারিক প্রক্রিয়ায় চুড়ান্তভাবে নিষিদ্ধ হওয়াই অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত। এবং তা করার জন্য ছাত্র-জনতার দাবি অনুযায়ী আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে।

আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পর নিজের ফেসবুক প্রোফাইলে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”

বৈঠক চলছে যমুনায়, সিদ্ধান্তের অপেক্ষায়
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার রাতে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবন থেকে রাত ৯টা ৫০ মিনিটে বিবৃতি দেওয়ার কথা থাকলে আরো কিছু সময় লাগবে।

বৈঠক থেকে নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত চাই: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “উপদেষ্টা পরিষদের মিটিং চলছে, সেটা আমরাও জানতে পেরেছি। আপনারাও (উপস্থিত সাংবাদিক) জানেন। আমরা চাই, সে বৈঠক থেকে যেন আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এবং রুপরেখা আসে।”

“যদি না আসে, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যাদের হাত ধরে জুলাই হত্যাকাণ্ড এবং বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, তাদের অস্তিত্বই বাংলাদেশের মানুষ দেখতে চায় না।”

শনিবার (১০ মে) রাত ৮টা ৪০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট যে, রোডম্যাপটা নেওয়ার জন্য আজকে এখানে অবস্থান করেছি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ও বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের সমন্বিত সিদ্ধান্তই নির্ধারণ করবে আমাদের গন্তব্য এখানেই থাকবে, না কোন দিকে যাবে।”

সারজিস বলেন, “আমরা এখনো যমুনার সামনে যাইনি। আমরা ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে অবস্থান করছি। অর্থাৎ, আমরা শাহবাগ এবং যমুনার মাঝামাঝি জায়গায় অবস্থান করছি।”

“আমরা এখানে আছি একটা কারণে; কারণটা হচ্ছে, আমরা উপদেষ্টমণ্ডলী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। আর সেই বার্তা হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ এখন গণমানুষের দাবি হিসেবে চূড়ান্ত,” যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, “আমরা আমাদের জায়গা থেকে যমুনা থেকে কিছুটা দূরে এসেছি। কিন্তু এটাও বলে দিচ্ছি, আমরা চাইলে যমুনার দিকে যেতে পারি। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে যমুনাও দেখা যায়; শাহবাগও দেখা যায়।”

যমুনার পথে ব্যারিকেড, ‘সতর্ক’ অবস্থানে পুলিশ

ঢাক মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “পরিস্থিতি এখনো স্বাভাবিক। তবে আন্দোলনকারীরা শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আগাচ্ছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি, যমুনার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম।

যমুনার আগে ইন্টারকন্টিনেন্টালে পুলিশের ব্যারিকেড

রাজধানী রমনার মিন্টো রোডে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যাওয়ার পথে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় পুরোপুরি বেরিকেড দিয়ে ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না নিলে যুমনা অভিমুখে মার্চ করার আলটিমেটাম আসে শাহবাগের গণজমায়েত থেকে। মূলত এর পরই যমুনায় যাওয়ার পথে ব্যারিকেড তুলে অবস্থান নেয় পুলিশ। এখন সেখানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

রাজধানী রমনার মিন্টো রোডে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যাওয়ার পথে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় পুরোপুরি বেরিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায়।

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে। শনিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়।

দাবি না মানলে যমুনা অভিমুখে মার্চ: হাসনাত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এক ঘণ্টার মধ্যে মেনে না নিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে মার্চ করবে আন্দোলনকারীরা।

শনিবাার সন্ধ্যা পৌনে ৮টার দিকে শাহবাগ চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ বলেন, “ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। সময় থাকতে করেন। আগামী এক ঘণ্টা সময় দিলাম। যদি এই এক ঘণ্টায় ঘোষণা না আসে, তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব।  প্রয়োজনে যমুনাও ঘেরাও করা হবে।”

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার গণজমায়েত কর্মসূচি থেকে হাসনাত মাইকেঘোষণা করেন, “আগামী এক ঘণ্টায় উপদেষ্টা মিটিং থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করা হবে। এক ঘণ্টা পর শাহবাগ হতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রোডে যাত্রা শুরু করা হবে।”

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগত বিচার করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করার তিন দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বানে কর্মসূচিতে ছাত্র-জনতা অংশ নিয়েছে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৮ মে রাতে দেশছাড়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। রাত পেরিয়ে ৯ মে সারা দিন সেখানে অবস্থান করার পর রাতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় তারা। সেখান থেকে ১০ মে বিকালে শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়; সে অনুযায়ী বিকাল থেকে শাহবাগে চলছে গণজমায়েত। এখন তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন, এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত