আরশ খান ও সুনেরাহ
আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এমন খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে সুনেরাহর সঙ্গে জড়িয়ে পড়েন আরশ। এমনটাই নাটকপাড়ায় গুঞ্জন। এবার সেই গুঞ্জনে যেন ঘি ঢাললেন ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী।
আজ অভিনয়শিল্পী আরশ খানের জন্মদিন। এই দিনে আরশকে শুভেচ্ছা জানিয়ে গাড়ির পেছনের সিটে বসে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সুনেরাহ। ক্যাপশনে নামিয়েছেন ভালোবাসার বৃষ্টি।
তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি
নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যতœ নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।’
আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে এক বছর ধরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। এই জুটি থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব। সেই বন্ধুর জন্মদিনে সুনেরাহ আরও লিখেছেন, ‘তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। রইল ভালোবাসা ও আশীর্বাদ। সামনে আসা বছরটি তোমার জন্য হোক সুন্দর ও সফল।
এর আগে গত ডিসেম্বরে একসঙ্গে তাদের রোমান্টিক একটি ছবি পোস্ট করেন সুনেরাহ।
