ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।”
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের সমালোচনা করে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে আহ্বান জানান।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিন কিছু ‘ফ্যাসিস্ট গোষ্ঠী’ জুলাই যোদ্ধার নাম ব্যবহার করে অনুষ্ঠানটি নস্যাৎ করার চেষ্টা করেছিল। তিনি দাবি করেন, তার ওই বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে—যেন তিনি জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের সহযোগী বলেছেন।
সালাহউদ্দিন বলেন, “আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি স্পষ্ট করে বলেছি, প্রকৃত জুলাই যোদ্ধারা কোনো বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিলেন না, থাকতে পারেনও না। তাহলে তারা কেন সেই ঘটনার দায় নিজেরা নিচ্ছেন?”
তিনি আরও বলেন, “অনেকে নিজেদের গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচয় দেন, কিন্তু রাজনৈতিক পরিপক্বতার অভাবে এমন মন্তব্য করেন, যা দায়িত্বজ্ঞানহীন। তাদের রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন।”
বিএনপির এই নেতা বলেন, “বর্তমানে অপতত্ত্ব ও অপব্যাখ্যা ছড়ানোর প্রবণতা বেড়ে গেছে। কেউ কেউ তথ্য না জেনেই মন্তব্য করছেন। একদল আমাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছে, কিন্তু আমি যে কথা বলেছি, তাতে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।”
তিনি জানান, জুলাই যোদ্ধাদের একটি সংগঠনের প্রতিনিধিরা শনিবার সকালে তার সঙ্গে যোগাযোগ করেন। তাদের পরামর্শ অনুযায়ী জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফায় কিছু সংশোধন আনা হয়।
সালাহউদ্দিনের ভাষায়, “আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল স্পষ্ট—জুলাই যোদ্ধাদের ভাবমূর্তি রক্ষা করা, কলঙ্কিত করা নয়। প্রকৃত যোদ্ধারা বিশৃঙ্খলা নয়, গণতন্ত্র রক্ষার প্রতীক।”
