ছবি: সংগৃহীত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের সময় দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ধন্যবাদ ও কৃতজ্ঞতার কথা জানান।
পোস্টে তারেক রহমান বলেন, জীবনের গভীরতম শোকের মুহূর্তে তিনি তার মায়ের শেষ বিদায় জানাতে পেরেছেন, যা দেশের মানুষের জন্য মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক বিদায় সম্ভব হয়েছে যাদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে—তাদের সবার প্রতি তিনি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের, যারা পুরো সময়জুড়ে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শোকাবহ পরিবেশেও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের সহযোগিতায় লাখো মানুষ নিরাপদে জানাজায় অংশ নিতে পেরেছে বলেও উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবদান স্মরণ করে তারেক রহমান পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব, এপিবিএন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সকল নারী-পুরুষ সদস্যকে ধন্যবাদ জানান। তাদের ধৈর্য, সততা ও দায়িত্বশীলতার কারণেই বিশাল জনসমাগম শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করে নিরাপদে ফিরে যেতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের মতো নীরবে দায়িত্ব পালনকারী সংস্থাগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তাদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণেই পুরো আয়োজন নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন।
তারেক রহমান আরও বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, এসএসএফ, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদবিষয়ক, সংস্কৃতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ভূমিকার কারণেই শোক প্রকাশের পরিবেশ শান্তিপূর্ণ রাখা সম্ভব হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টার ফলে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন, যা খালেদা জিয়ার আন্তর্জাতিক সম্মান ও মর্যাদার প্রমাণ। একই সঙ্গে কঠিন পরিস্থিতির মধ্যেও জানাজা ও দাফনের খবর দেশ-বিদেশে পৌঁছে দেওয়া গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার মন্ত্রিসভার সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় শোকের এই সময়ে তাদের ব্যক্তিগত উপস্থিতি ও সহমর্মিতা তার পরিবারের জন্য অমূল্য সমর্থন হয়ে উঠেছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে মানুষ হিসেবে ধন্যবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, এই সম্মিলিত সহযোগিতাই পুরো জাতিকে মর্যাদার সঙ্গে তার মায়ের স্মৃতিকে সম্মান জানানোর শক্তি জুগিয়েছে।
