গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। তার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হলো সকাল ৯টা ১১ মিনিটে। তা শেষ হয় সকাল ৯টা ৩৬ মিনিটে।
এদিন যত দূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মুসল্লিদের ঢল দেখা গেছে। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পেতেছেন খোদাপ্রেমী এসব মানুষ।
আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা ময়দান ত্যাগ করছেন এখন। এরপরই এসব সড়ক আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার জামাত, যেখানে মুসল্লিদের ঢল নামে।
